যোগফল প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। একই সঙ্গে তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আব্দুল্লাহকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের সমালোচনা করেন। তার ওই বক্তব্যের প্রতিবাদেই ব্রাহ্মণবাড়িয়ায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম