যোগফল প্রতিবেদক:
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার জ্ঞান উন্নয়নের লক্ষ্যে সিলেটে ডিজিটাল জার্নালিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার হোটেল নিউ গ্র্যান্ড ভিউ পার্টি সেন্টারে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ঢাকাভিত্তিক একটি মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউটের প্রশিক্ষকদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ফরিদ আহমদ নয়ন। মুখ্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন যুবরাজ ফয়সল, আব্দুল্লাহ আল মাহমুদ, ইসমাঈল আহসান ও ইব্রাহিম হাসান হাসনাইন।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সুয়েজ হোসেনের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসকের যুগ্ম মহাসচিব ও বিভাগীয় প্রেসক্লাবের উপদেষ্টা জোসেফ আলী চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম ডেনি, নিউজ বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আমীর হোসেন সোহাগ, বিনোদন রিপোর্টার নোমান উদ্দিন রিপন, ফটোজার্নালিস্ট রহিমা রিমাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক, সংবাদ সংগ্রহ ও পরিবেশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম