যোগফল প্রতিবেদক:
২০২১ সালে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের ঘটনাকে তাকে হত্যার পরিকল্পনার অংশ বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, তাকে হত্যার জন্য করা সেই পরিকল্পনাতেই শেষ পর্যন্ত সংশ্লিষ্টরা নিজেরাই ফেঁসে গিয়েছিলেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলে বাংলাদেশ খেলাফতে মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, রয়েল রিসোর্টের ওই ঘটনায় তৌহিদী জনতার তোপের মুখে পড়ে অনেকে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। ঘটনার পরের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সেখানে খুঁজে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, তৎকালীন সরকার তৌহিদী জনতার কণ্ঠরোধ করতে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল। ২০২১ সালের রয়েল রিসোর্টের মামলাসহ হেফাজতে ইসলামের বিভিন্ন মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তার ও কারাবরণের প্রসঙ্গও তুলে ধরেন মামুনুল হক। তার দাবি, পরবর্তীতে ইকবাল হোসাইন নির্যাতনের শিকার হয়ে মারা যান।
বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।
সভায় বাংলাদেশ খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রয়াত মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম