যোগফল প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অভিনয়জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ধর্মীয় জীবনযাপনের প্রতিও নিজের আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’
তার এই বক্তব্যের মধ্য দিয়ে চলচ্চিত্রের ব্যস্ত জগত থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত মিলেছে। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এখন জীবনের ভিন্ন একটি অধ্যায়কে গুরুত্ব দিতে চান।
নিজের অতীত জীবন নিয়েও আত্মবিশ্লেষণের কথা জানিয়ে পপি বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
তার এমন বক্তব্যে জীবন নিয়ে নতুন করে ভাবনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
তবে অভিনয়ে ফেরার বিষয়ে ২০২৫ সালে পপির বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেও যেকোনো কাজ নয়, ভালো কোনো গল্প ও চরিত্রের মাধ্যমে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ২০২৬ সালেও চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন এখনো নিশ্চিত নয়।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক ছবির পাশাপাশি বিভিন্ন প্রশংসিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।
করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন পপি। নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়। এরপর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়াতে থাকে।
একপর্যায়ে পপির বিয়ে ও সংসারজীবন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম