যোগফল প্রতিবেদক:
বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ আদালত-৫-এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিনজন হলেন—আশিক, শাকিল ও মতিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা চালায় আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করেন।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় হলে তার অর্ধেক ভুক্তভোগী হৃদয়ের সন্তানকে দেওয়ার এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম