যোগফল প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের আয়োজন শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গফুরসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, উপজেলা পর্যায়ের এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম