যোগফল প্রতিবেদক:
জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এ হামলার জেরে ইরানকে পাল্টা কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ওপর ‘বড় ধরনের আঘাত’ হানা হবে এবং এর ‘চরম জবাব’ দেওয়া হবে।
তবে ট্রাম্প দাবি করেন, ইরানের দিক থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করেছে। একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে সরে যাচ্ছিল এবং সেটি গুরুত্বপূর্ণ কোনো স্থানে আঘাত হানবে না নিশ্চিত হওয়ার পর মার্কিন বাহিনী সেটিকে বাধা দেয়নি বলেও জানান তিনি।
এর আগে সোমবার ভোরে ইরানের ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে এবং ড্রোন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, আগের দিন পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, হরমুজ প্রণালিতে নৌ-মাইনিং ঠেকানোর অজুহাতে যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে অভিযান চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ের শেষ দিকে দুই সপ্তাহের বোমাবর্ষণ বন্ধের পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের এটিই ছিল প্রথম বড় ধরনের সামরিক হামলা বলে দাবি করা হচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বিষয়েও সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরান মার্কিন প্রশাসনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে আগ্রহী। তবে কোনো চুক্তি করার ক্ষেত্রে ইরানের ওপর কতটা আস্থা রাখা যাবে, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকর ভূমিকা রাখছে। গত সপ্তাহে মার্কিন প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি কঠোর ব্যবস্থা চালুর কথা জানায়। এর আওতায় ইরানের জ্বালানি তেল, নৌপরিবহণ, বিমান পরিষেবা, স্বর্ণ, প্রযুক্তি ও ডিজিটাল অ্যাসেট খাতকে লক্ষ্য করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইরান এসব অর্থনৈতিক পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে এবং এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম