যোগফল প্রতিবেদক:
আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের ঘোষণার পর সতীর্থ, কোচ ও ভক্তদের পাশাপাশি আবেগঘন বার্তা দিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
মেসির অবসর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোকুজ্জো তার স্বামীর দীর্ঘ পথচলা, সাফল্য, ব্যর্থতা এবং কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, মেসির পুরো ক্যারিয়ার কাছ থেকে দেখার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ এক সৌভাগ্যের বিষয়।
রোকুজ্জো লিখেছেন, ‘এভাবে এই অধ্যায় তোমাকে শেষ করতে দেখে কী যে গর্ব হচ্ছে।’ একই সঙ্গে তিনি মেসির ক্যারিয়ারের দীর্ঘ সময়ের নানা সুখ-দুঃখের মুহূর্তের কথা তুলে ধরেছেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে ব্যক্তিগতভাবে অসাধারণ পারফরম্যান্স করলেও দলীয় সাফল্যের অভাবে নানা সমালোচনার মুখে পড়েছিলেন মেসি। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি। পরে কোচ লিওনেল স্কালোনির অনুরোধে আবারও আর্জেন্টিনার জার্সিতে ফেরেন।
এরপরের সময়টাই বদলে দেয় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার। কোপা আমেরিকা, বিশ্বকাপসহ একাধিক শিরোপা জিতে দীর্ঘদিনের অপূর্ণতা পূরণ করেন তিনি। রোকুজ্জোর ভাষায়, তিনি মেসিকে জীবনের কঠিন সময়েও ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়াতে দেখেছেন।
মেসির সংগ্রামের কথা উল্লেখ করে রোকুজ্জো বলেন, যখন পরিস্থিতি তার অনুকূলে ছিল না, তখনও তিনি চেষ্টা চালিয়ে গেছেন। নিজের স্বপ্ন পূরণের পথে মেসির এই অদম্য মানসিকতা খুব কাছ থেকে দেখেছেন বলেও জানান তিনি।
মেসির সাফল্যের প্রভাব তাদের সন্তানদের ওপরও পড়েছে বলে মনে করেন রোকুজ্জো। তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরো বাবার সংগ্রাম ও সাফল্যের সাক্ষী হয়ে বড় হচ্ছে। একদিন তারা মেসির অর্জনের বিশালতা আরও গভীরভাবে উপলব্ধি করবে বলে মনে করেন তিনি।
রোকুজ্জো লিখেছেন, সন্তানরা তাদের বাবাকে নিজের স্বপ্নের জন্য লড়াই করতে, ব্যর্থতার পরও ফিরে আসতে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের মতো সর্বোচ্চ শিরোপা জিততে দেখেছে। বর্তমানে তারা শুধু বাবাকে নিয়ে গর্বিত—ভবিষ্যতে এই গল্পের গুরুত্ব আরও ভালোভাবে বুঝবে।
সবশেষে মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে রোকুজ্জো বলেন, স্বামীর পুরো পথচলার অংশ হতে পারা তার জন্য বড় সৌভাগ্যের। মেসি যা অর্জন করেছেন এবং এসব অর্জনের পেছনে যে মানুষটি ছিলেন, সেই মানুষটিকে নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত।
মেসির উদ্দেশে রোকুজ্জোর শেষ বার্তা ছিল ভালোবাসায় ভরা—‘আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি।’
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম