যোগফল প্রতিবেদক:
দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের মার্চে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় নিজেদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে একই ধরনের বিবৃতি প্রকাশ করেন বাদশাহ ও ইশা। সেখানে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টি নিয়ে সবার কাছ থেকে গোপনীয়তা ও সম্মান প্রত্যাশা করেছেন তারা।
তবে ঠিক কী কারণে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি দুজনের কেউই।
বাদশাহ ও ইশার পরিচয় হয় ২০২১ সালে এক বন্ধুর আয়োজিত পার্টিতে। প্রথম দেখার পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। প্রায় চার বছর ধরে চলা এই সম্পর্কের কথা গণমাধ্যমের কাছ থেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন দুজন।
২০২৬ সালের মার্চে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেন বাদশাহ ও ইশা। শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে না এলেও পরে ইশার মা পুনম রিখির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু ছবির মাধ্যমে বিষয়টি সামনে আসে। ছবিগুলোতে বিয়ের সাজে বাদশাহ ও ইশাকে দেখা যায়।
এরপর জুলাইয়ে ইশা সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশাহর সঙ্গে ছবি প্রকাশ করে তাদের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। কিন্তু এর কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ইশার একটি রহস্যময় ভিডিও পোস্টকে ঘিরেও তখন আলোচনা শুরু হয়। ওই পোস্টে তিনি লিখেছিলেন, প্রতিটি ঝড় একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনা একটি আশার বার্তা।
অবশেষে বিয়ের পাঁচ মাস পূর্ণ হওয়ার আগেই নিজেদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি। যৌথ বিবৃতিতে তারা বিষয়টিকে পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।
এটি বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্যের পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। সাবেক এই দম্পতির একটি মেয়ে রয়েছে, যার নাম জেসমি গ্রেস মাসিহ সিং।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম