যোগফল প্রতিবেদক:
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বাস্তবায়নে সৌদি আরবে স্থায়ী দপ্তর প্রতিষ্ঠার বিষয়ে যৌথভাবে সম্মত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। নতুন এই দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থাপন করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয় গঠনের শুরুর দিকে প্রথম তিন বছরের জন্য পাকিস্তানি বংশোদ্ভূত একজন কর্মকর্তা মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে স্থায়ী দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত জানানো হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তাদের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং সামরিক বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করবে।
এ লক্ষ্যে যৌথ প্রযুক্তি উন্নয়ন, সামরিক সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি এবং কৌশলগত সামরিক মহড়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ মূল লক্ষ্য হলো সম্ভাব্য বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে তিন দেশের মধ্যে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
চুক্তির অন্যতম প্রধান শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।
নতুন এই প্রতিরক্ষা কাঠামোর মাধ্যমে তিন দেশের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম