যোগফল প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার মাস বয়সী এক শিশুকে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম নগরীর বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় মো. আলম ও তার স্ত্রী সানজিদা আক্তার ত্রিশাকে আটক করে র্যাব।
র্যাব জানায়, উদ্ধার হওয়া শিশুটির নাম মারুফা জান্নাত মাহি। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তারের মেয়ে।
ঘটনার সূত্রপাত গত ২১ আগস্ট। ওই দিন শিশুটির বাবা-মা তাদের মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান। পরদিন সেখানে মো. আলমের সঙ্গে তাদের পরিচয় হয়। একপর্যায়ে আলমের স্ত্রী সানজিদা শিশুটিকে কোলে নিয়ে পাশের কক্ষে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে বেরিয়ে যান।
কিছুক্ষণ পর শিশুটিকে ওই কক্ষে পাওয়া যায়নি। একই সঙ্গে আলম ও সানজিদাকেও সেখানে খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার থানায় অভিযোগ করে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফুফা শফি উল্লাহ, ফুপু খালেদা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা হয়।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মামলার এজাহারভুক্ত তৃতীয় ও চতুর্থ আসামি চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।
পরে র্যাব-৭ ও র্যাব-১৫-এর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে মো. আলম ও সানজিদা আক্তার ত্রিশাকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম