যোগফল প্রতিবেদক:
ইতালির সিসিলি দ্বীপের ঐতিহাসিক শহর নরোতে মাত্র ১ ইউরোতে বাড়ি কেনার সুযোগ মিলছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৪৩ টাকা। দীর্ঘদিন ধরে জনসংখ্যা কমে যাওয়া শহরটিতে নতুন করে মানুষের বসতি গড়ে তোলা এবং পর্যটন খাতকে আরও চাঙ্গা করতেই এমন উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সিসিলির আগ্রিজেন্তো প্রদেশে অবস্থিত নরো মধ্যযুগীয় স্থাপনা ও বারোক স্থাপত্যের জন্য বেশ পরিচিত। শহরের পুরোনো ও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনগুলো সংস্কারের মাধ্যমে নতুন করে ব্যবহারযোগ্য করে তোলাই ১ ইউরোতে বাড়ি বিক্রির এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
ইতালির নাগরিকদের পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিদেশিরাও এসব বাড়ি কেনার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য অনলাইনে ‘কাসে ১ ইউরো নরো’ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
তবে ১ ইউরোতে বাড়ি কেনার খবর যতটা চমকপ্রদ, বাস্তবতা ততটা সহজ নয়। কারণ, এই দামে যেসব ভবন বিক্রি করা হচ্ছে সেগুলোর অধিকাংশই পুরোনো এবং সংস্কারের প্রয়োজন রয়েছে। ফলে বাড়ি কেনার পর সেটিকে বসবাসের উপযোগী করার যাবতীয় ব্যয় ক্রেতাকেই বহন করতে হবে।
বাড়ি সংস্কারের পাশাপাশি দলিল ও নিবন্ধন সংক্রান্ত খরচ, সম্পত্তির কর এবং ক্যাডাস্ট্রাল ফি-ও ক্রেতাকে দিতে হবে। ভবনের নকশা তৈরি, নিরাপত্তা বিধি মেনে নির্মাণ ও সংস্কার, পরিবেশগত শর্ত এবং স্থানীয় নগর পরিকল্পনার নিয়ম মেনে কাজ করার খরচও বহন করতে হবে নতুন মালিককে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্কারকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার শর্তও দেওয়া হতে পারে। অর্থাৎ মাত্র ১ ইউরোতে ভবন কেনা গেলেও সেটিকে ব্যবহারযোগ্য করতে ক্রেতাকে তুলনামূলক বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে।
নরো শহরের রয়েছে দীর্ঘ ইতিহাস ও নানা পর্যটন আকর্ষণ। এর মধ্যে রয়েছে চিয়ারামন্তানো দুর্গ, ১৩ শতকের ঐতিহাসিক ‘গোল্ডেন গেট’ বা পোর্তা দ’ওরো এবং বিভিন্ন পুরোনো স্থাপনা।
২০০৫ সালের একটি ভূমিধসের ঘটনায় শহরের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় তরুণ শিল্পীরা ক্ষতিগ্রস্ত ভবনের সম্মুখভাগে নানা ধরনের চিত্রকর্ম আঁকেন। সেই শিল্পকর্মগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে ‘এমএএন’ নামে একটি উন্মুক্ত শিল্প জাদুঘর গড়ে ওঠে।
ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি নরো সিসিলির ঐতিহ্যবাহী খাবারের জন্যও পরিচিত। স্থানীয় জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে ক্যাসাটা, পাস্তা রেয়ালে, আরানচিনা ও কানোলি।
জনসংখ্যা কমে যাওয়া পুরোনো শহরগুলোতে নতুন বাসিন্দা আকৃষ্ট করতে ইতালির বিভিন্ন অঞ্চলে এর আগে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নরোর ১ ইউরোর বাড়ি প্রকল্পও সেই ধারাবাহিকতার অংশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম