যোগফল প্রতিবেদক:
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে আরও ৭২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ ও নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা মিলিয়ে ১ হাজার ২৩১ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে আরও ৭২ শিশু। এতে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে।
এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু।
হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের মধ্যে বিপুলসংখ্যক শিশুকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম