যোগফল প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) উপজেলার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বাথরুমে গেলে সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নেয়।
এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, গ্রেপ্তার শিক্ষক আব্দুল মোতালেবকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম