যোগফল প্রতিবেদক:
বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কেন্দ্রটির ধারাবাহিক উৎপাদনে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার এ কেন্দ্রটি ওই সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।
এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। ওই সময়ে গড়ে ১ হাজার ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদন সক্ষমতা ধরে রাখার এ ধারাবাহিকতা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক খাঁন নোমান শিবলী জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশগত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি একইভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখতে পারলে লোডশেডিং কমানো এবং শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সেবা খাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ জন্য জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি।
কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি মূলত বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষ হাতে পরিচালিত হচ্ছে। আগে ভারতীয় প্রকৌশলীদের কাছ থেকে পাওয়া প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেশীয় প্রকৌশলীরা আত্মস্থ করেছেন। ফলে তারা এখন দক্ষতার সঙ্গে কেন্দ্রটির অপারেশনাল দায়িত্ব পালন করছেন।
ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানিয়েছেন, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশগত মানদণ্ড বজায় রেখে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, কেন্দ্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো যান্ত্রিক বা লজিস্টিক সমস্যার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়।
সংশ্লিষ্টদের মতে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ধারাবাহিক উৎপাদন দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ধরে রাখা, আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম