যোগফল প্রতিবেদক:
ইরানের বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আইআরজিসির স্থলবাহিনী কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ডারের কমান্ড পোস্ট ও আবাসস্থল লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে ইরানি বাহিনী। হামলায় কয়েকজন ‘শত্রু’ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। হামলার পর যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত ড্রোন রাখার হ্যাঙ্গার ও ড্রোন মোতায়েনের র্যাম্পে আগুন ধরে যায়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
ইরানি বাহিনী আরও অভিযোগ করেছে, মানবাধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’ করে মার্কিন সেনাবাহিনী সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানকে শোকে পরিণত করেছে। তাদের দাবি, একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় ৭০ জন নিরপরাধ মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
তবে ইরানি বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম