যোগফল প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে নূরুল ইসলাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন যুবক নূরুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে গভীর রাতে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। এ সময় তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও পুলিশ জানিয়েছে।
গুরুতর অবস্থায় নূরুলকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ ইকবাল হাফিস নোমানি বলেন, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তার পালস ও প্রেসার পাওয়া যায়নি। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে পায়ের নিচের দিকে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
চিকিৎসকের ধারণা, অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে নূরুলের মৃত্যু হয়ে থাকতে পারে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই জিসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম