যোগফল প্রতিবেদক:
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ৫ আগস্টের বিভিন্ন ঘটনাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, পূর্বধলার ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নূরুল আমীন, জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্ত এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব, সদস্য শেখ সাহেদ ও ফাহিম খান।
এ ছাড়া নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটনসহ আরও ছয়জনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম