যোগফল প্রতিবেদক:
বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে দেশটিতে পৌঁছেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর টিমকে সঙ্গে নিয়ে তিনি কাঠমান্ডুতে গেছেন।
গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সোনু সুদ লিখেছিলেন, ‘নেপাল, তুমি একা নও।’ খাবার, আশ্রয় ও ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সোনু সুদ জানান, ভারত থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে তার ফাউন্ডেশনের একটি দল নেপালে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করে তাদের প্রয়োজন সম্পর্কে জানার পাশাপাশি আগামী দিনগুলোতেও সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই তারা নেপালে এসেছেন। ভারত থেকে কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। এখন স্থানীয়দের কাছ থেকে আরও কী কী প্রয়োজন, তা জানার চেষ্টা চলছে। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে সেসব সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
সোনু আরও বলেন, নিজের জায়গা থেকে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানোর প্রক্রিয়াটি কিছুটা কঠিন হলেও অনেকের সহযোগিতায় সেই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।
এর আগেও মানবিক কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছেন সোনু সুদ। করোনাভাইরাস মহামারির সময় লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, চিকিৎসা সহায়তা এবং অসহায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তিনি।
গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল পানির স্রোত ও ভূমিধসে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম