যোগফল প্রতিবেদক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মঠবাড়িয়া পৌরসভা বিএনপি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা মেহেদী হাসান মামুনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসে। তবে ভিডিওটি কতদিন আগের এবং কোথায় ধারণ করা হয়েছে, তা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম