যোগফল প্রতিবেদক:
রাজশাহীর পবায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এক তরুণকে পুলিশ চিনতে না পারার ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ওই তরুণ ও তার সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুশায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য দেন সাদমান সাকিব। তার বাড়ি পবা উপজেলার দারুশা রাধানগর গ্রামে। তিনি আগে জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ১৫ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী। তবে ছাত্রদলে এখনো তার কোনো পদ নেই।
সাদমান সাকিবের অভিযোগ, গত ২৮ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠান শেষে মধ্যরাতে তার দুই কর্মী নাজমুল ও রেফাজুল তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শিশাপাড়া ঈদগাহের সামনে কর্ণহার থানা পুলিশের একটি দল তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
তার দাবি, এ সময় উজ্জ্বল নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) তাদের হয়রানি করেন এবং তাকে কটূক্তি করেন।
সাদমান সাকিব বলেন, ‘পুলিশকে জানানো হয়েছিল তারা আমাকে বাসায় নামিয়ে দিয়ে ফিরছেন। এরপরও তল্লাশির নামে তাদের হয়রানি করা হয় এবং আমাকে কটূক্তি করা হয়।’
মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, বয়স কম দেখে তাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে পুলিশের আচরণ খারাপ ছিল বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সমালোচনা করেন এবং কথিত পুলিশি হয়রানির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আরএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান বলেন, থানার সামনে মশাল মিছিল ও সমাবেশের ভিডিও তিনি দেখেছেন। পরে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে।
তিনি জানান, সাদমানের দুই কর্মী রাত ১টার পর মোটরসাইকেলে ফিরছিলেন। টহল পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা সাদমান সাকিবকে বাসায় নামিয়ে দিয়ে আসার কথা জানান। এএসআই উজ্জ্বল তখন বলেছেন, তিনি সাদমান সাকিবকে চেনেন না। এ ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
আরএমপির এই কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম