যোগফল প্রতিবেদক:
শরীয়তপুরে বসতঘরে চুরির ঘটনায় একটি চোরচক্রের পাঁচ সদস্য ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৭ ভরি ১৫ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নড়িয়া উপজেলার বিল দেওয়ানিয়া এলাকার আতাহার মাদবর (৩৬), পালং মডেল থানার গয়ঘর খলিফাকান্দি এলাকার সুমন সরদার (৩০), মো. রুবেল বেপারী (৩০), মো. সাগর খলিফা (২৯), শিপলু খান (৪৫) এবং স্বর্ণ ব্যবসায়ী সুমন পাল (৩২)।
পুলিশ জানায়, গত ২৩ আগস্ট দিবাগত রাতে গয়ঘর খলিফাকান্দি এলাকায় মিজান শেখের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর আগে ২২ আগস্ট অসুস্থ মাকে চিকিৎসকের কাছে দেখাতে তিনি ঢাকায় যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে।
পরে তারা একটি ট্রাঙ্কের তালা ভেঙে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা এবং বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ১৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২৭ আগস্ট মিজান শেখ বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। পরে ২৮ আগস্ট শৌলপাড়া এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে শৌলপাড়া বাজারের একটি স্বর্ণের দোকান ও সংশ্লিষ্ট এক ব্যক্তির বাসায় অভিযান চালায় পুলিশ। পরে চোরাই স্বর্ণ কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী সুমন পালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে মোট ৭ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন আকারের চেইন, আংটি, কানের দুল, ব্রেসলেট, গলার নেকলেস, লকেট এবং গলানো স্বর্ণের টুকরা।
পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ উদ্ধার এবং তা কেনার অভিযোগে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে আগের একাধিক মামলা রয়েছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম