যোগফল প্রতিবেদক:
দীর্ঘ ৩২ মাস পর আবারও শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন শানাকা।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শানাকার পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন আনক্যাপড লেগস্পিনার সচিন্দু কলম্বাগে। অন্যদিকে, জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কার হয়ে খেলা পেসার মিলান রত্নায়েকে ও প্রমোদ মধুশান এবার দলে নেই।
শানাকার প্রত্যাবর্তনে শ্রীলঙ্কার মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়বে। ৭১টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ৪৩ ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্বও দিয়েছেন। ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল মেন্ডিস। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা।
টি-টোয়েন্টি দলেও ফিরেছেন আসালাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়লেও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পর আবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসালাঙ্কা। টুর্নামেন্টে ৩৮.৫০ গড়ে ৩৮৫ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১৫৩.৩৮। করেছেন চারটি অর্ধশতক। ইংল্যান্ড সফরের পুরো সময়ের জন্য তাকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। দুই ফরম্যাটেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এলপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক লাহিরু উদারা। টুর্নামেন্টে ৪৩৪ রান করা এই ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ছিল ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে।
এ ছাড়া অলরাউন্ডার জনিথ লিয়ানাগে ও দুই হাতে বল করতে সক্ষম স্পিনার থারিন্দু রত্নায়েকেও দলে রাখা হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা লাসিথ ক্রুসপুল্লে, পাভান রত্নায়েকে, মিলান রত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা এবার টি-টোয়েন্টি দলে জায়গা পাননি।
আগামী ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে। এরপর ২২ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ চেস্টার-লে-স্ট্রিটে এবং পরের দুটি ম্যাচ হবে লিডস ও দ্য ওভালে।
কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা।
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্ডো।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম