যোগফল প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ব্যাট হাতে অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।
দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশের ইনিংস যখন চাপে, তখন দলের হাল ধরেন হৃদয়। সতীর্থরা বড় ইনিংস খেললেও শতকের মাইলফলক ছুঁতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিশতক পূর্ণ করেন হৃদয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ধরনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার এখন তাওহিদ হৃদয়। তার অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সামনে।
তৃতীয় দিনের খেলা শেষে ১৩৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭১ রান। এর আগে প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। ফলে এখনো ৪১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। হৃদয় ৩৩৯ বল মোকাবিলা করে ২০৪ রানে অপরাজিত আছেন।
দিনের শুরুতে ৪ উইকেটে ২০১ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগের দিন ৭৫ রানে অপরাজিত থাকা হৃদয় সেখান থেকেই ইনিংস এগিয়ে নেন।
তার সঙ্গে জুটি গড়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিলেন জাকের আলী অনিক। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে থামতে হয় তাকে। ১৬৮ বলে ৯৪ রান করে আউট হন জাকের।
এরপর হৃদয়ের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও বেশ ভালো ব্যাটিং করে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত ১৭১ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
সাইফউদ্দিনের বিদায়ের পর তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। তবে তার আগেই নিজের সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিয়ে ইতিহাস গড়ে ফেলেন হৃদয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মাহমুদুল হাসান জয়ের দখলে। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন তাওহিদ হৃদয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম