যোগফল প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী পু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা মো. এহছানুল হক এর আগে ২০২৫ সালের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।
চার দশকের বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক এবং ঝালকাঠির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কাজ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মো. এহছানুল হক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবেও কর্মরত ছিলেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম