যোগফল প্রতিবেদক:
শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তার কার্যালয় থেকে দেওয়া বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি এবং সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রায়ই পর্যাপ্ত ধারণার অভাব দেখা যায়। শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে সরকারি সেবা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, এই লক্ষ্যেই শিক্ষার্থীদের সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সরকারি সেবা পাওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানাতে পারবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও সরকারি সেবা সম্পর্কে সচেতনতা তৈরির একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম