যোগফল প্রতিবেদক:
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমিন জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
রফিকুল ইসলাম জামালকে সভাপতি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার, আতাউর রহমান খান, নিপুণ রায় চৌধুরী, সুবর্ণা সিকদার, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক।
মাওলানা নূরুল আমিনের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর পীরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
সদস্য নির্বাচিত হওয়ার পর মাওলানা নূরুল আমিন বলেন, “আমাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে আমি দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করব। পাশাপাশি পীরগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও অব্যাহত থাকবে।”
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম