যোগফল প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তরে ১৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর গর্ভপাত করিয়ে ৪০ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাছ ব্যবসায়ী পরিমল চন্দ্র ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পরিমল চন্দ্র কিশোরীকে নিজ ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ১০০ টাকা দিয়ে হুমকি দেওয়া হয়।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চান। একপর্যায়ে কিশোরী পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তা মীমাংসার উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার।
ভুক্তভোগীর পরিবারের দাবি, কিশোরীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য অভিযুক্ত পরিমল চন্দ্র তার বাবাকে ৪০ হাজার টাকা দেন। পরে কিশোরীকে ঢাকায় নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয় বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভুক্তভোগীর বাবা একজন প্রতিবন্ধী। নৌকায় মানুষ পারাপার করে কোনোভাবে সংসার চালান তিনি। এক ছেলে ও দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জরাজীর্ণ একটি ঘরে তাদের বসবাস। মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় অভিযুক্তের বিচার দাবি করেছেন তিনি।
ভুক্তভোগীর মামাতো ভাই বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সুষ্ঠু সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য রণজিৎ বলেন, বিষয়টি তিনি আগে জানতেন না। জানার পর বুধবার বিকেলে বিষয়টি নিয়ে বসার কথা ছিল। এর আগেই সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে আসায় এখন আইনগতভাবেই বিষয়টির সমাধান হবে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিমল চন্দ্র আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব জানান, সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম