যোগফল প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি কাজী নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজী নুর আলম ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) বাসিন্দা আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি কাজী নুর আলম। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফেনীর মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও বিস্ফোরক মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, তথ্যের ভিত্তিতে হিছাছড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম