যোগফল প্রতিবেদক:
ফুটবল মাঠের তারকাখ্যাতির বাইরে এবার কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডকে অপহরণ ও হামলার পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত ওই অপরাধী চক্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন এমবাপ্পে। চক্রটি মূলত বিত্তশালী ব্যক্তি, র্যাপার ও পরিচিত ফুটবলারদের অপহরণ এবং হামলার জন্য নিশানা করছিল।
তদন্তে নেমে ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, কারাগারে বসেই স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে চক্রটির কার্যক্রম পরিচালনা করছিল ক্লিমেন্ট এল. নামের ১৮ বছর বয়সী এক ফরাসি-সুইস তরুণ।
বর্তমানে সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের মতো গুরুতর অভিযোগে ভিলপেন্ট কারাগারে বন্দি রয়েছেন ক্লিমেন্ট। তদন্তকারীদের ধারণা, কারাগারে বসেই ‘লেস্টার জেড.’ ছদ্মনাম ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছিলেন তিনি।
গত এপ্রিল মাসে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্ত করতে গিয়ে এই অপরাধী চক্রের সন্ধান পায় ফরাসি পুলিশ। পরে সন্দেহভাজনদের মোবাইল ফোন ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাব্য টার্গেট ব্যক্তিদের ঠিকানা ও ব্যক্তিগত তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা।
উদ্ধার করা তালিকায় নামী গায়ক, বিত্তশালী ব্যবসায়ী ও বেশ কয়েকজন ফুটবলারের নাম পাওয়া যায়। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, একজন গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ এলাকার এক তুর্কি পাইকারি বিক্রেতাকেও টার্গেট করেছিল চক্রটি।
তবে ওই তালিকায় কিলিয়ান এমবাপ্পের নাম থাকায় বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। সূত্রের বরাত দিয়ে ‘লা পারিজিয়েন’ জানিয়েছে, চক্রটির মূলহোতা একজন খ্যাতনামা র্যাপারের পাশাপাশি এমবাপ্পেকেও অপহরণ বা হামলার টার্গেট করতে চেয়েছিল।
প্রতিবেদনটি প্রকাশের পর বিশ্ব ফুটবলের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম