যোগফল প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আগাম জামিন চেয়ে চিত্রনায়ক রিয়াজের করা আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবেদন দুটি কার্যতালিকা থেকে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে পৃথক দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন রিয়াজ। আদালতের বৃহস্পতিবারের কার্যতালিকায় আবেদন দুটি ২০ ও ২১ নম্বর ক্রমিকে ছিল।
আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।
রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা জানান, আদালত রিয়াজকে জামিন না দিয়ে তার দুটি আবেদন ফেরত দিয়েছেন এবং কার্যতালিকা থেকে ‘ডিলিট’ করে দিয়েছেন। শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম