যোগফল প্রতিবেদক:
চাঁদের গতিবিধির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে সেখানে প্রথম রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবিহ আদায় করা হবে।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে রমজান শুরু হতে পারে একদিন পর। সে হিসেবে ৮ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেলে ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে প্রথম রোজা শুরু হতে পারে।
ইসলামি চন্দ্রবর্ষ সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় গ্রেগরিয়ান বছরের তুলনায় এটি প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ফলে প্রতি বছরই রমজান প্রায় ১০-১১ দিন আগে শুরু হয়। এভাবেই প্রায় ৩৩ বছরের একটি চক্রে বছরের বিভিন্ন ঋতুতে রমজান ফিরে আসে।
রমজান মাস ২৯ অথবা ৩০ দিনে পূর্ণ হয়। এরপর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পালিত হয় পবিত্র ঈদুল ফিতর।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর পালিত হতে পারে।
বাংলাদেশে যদি ১০ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ১১ মার্চ (বৃহস্পতিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে এসব তারিখ এখনো সম্ভাব্য। চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম