যোগফল প্রতিবেদক:
আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের খবর দিলেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ আসরের জন্য।
ফ্যাশন ফিল্মটির গল্প ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি।
ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার অনুভূতিকে কেন্দ্র করে তৈরি ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই ফ্যাশন ফিল্মে ফ্যাশন, সিনেমা ও গল্প বলার নান্দনিকতার সমন্বয় ঘটানো হয়েছে।
জয়া আহসান জানান, গত বছর ছবিটির শুটিং হয়। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি পুরোনো বাড়িতে পুরো ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। ঔপনিবেশিক আমলের ওই বাড়ির দেয়াল, বারান্দা ও আলোছায়াকে কাজে লাগিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিরহ ও অপেক্ষার আবহ।
কাজটির অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, পরিচালকেরা তার সঙ্গে যোগাযোগ করে এমন একটি এক্সপেরিমেন্টাল কাজ করার বিষয়ে জানতে চেয়েছিলেন। এরপরই কাজটি করেন তিনি। নিজের অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ উল্লেখ করে জয়া জানান, ছবিটিতে তার স্টাইল করেছেন তার প্রিয় স্টাইলিস্ট ঋষভ।
ছবিটির পরিবেশ ও চরিত্র নিয়েও কথা বলেছেন জয়া। তার মতে, পুরোনো বাড়ি, নদীর পাড় ও গল্পের আবহ চরিত্রটিকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার জন্য ভালো সুযোগ তৈরি করেছে। আন্তর্জাতিক একটি ফ্যাশন ফিল্ম উৎসবে ছবিটি নির্বাচিত হওয়ায় নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।
আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট এন্ড’ সিনেমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল। ফ্যাশন ও চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবটি এক যুগ ধরে আয়োজিত হয়ে আসছে।
তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে এবারের উৎসবে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না জয়া আহসান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম