যোগফল প্রতিবেদক:
ভারতে ভ্রমণের জন্য ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ আহ্বান জানায় হাইকমিশন।
সতর্কবার্তায় বলা হয়, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে।
এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থ, ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময় ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে হাইকমিশন।
হাইকমিশনের পক্ষ থেকে ভিসা প্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম