যোগফল প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল জন্মসনদ তৈরি করে প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগে এক আইনজীবী, মুহুরি ও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতের আদেশের নথিতে কাটাকাটি এবং নথি গায়েবের অভিযোগও উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মো. হকিকুল ইসলাম।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে হ্যাকিংয়ে অভিযুক্তসহ পলাশ রানা, সুমন মিয়া, শামীম চৌধুরী ও এনামুল হক নামে চারজনকে গ্রেপ্তার করে।
আসামিদের কারামুক্ত করতে তাদের স্বজনরা এক আইনজীবীর পরামর্শ নেন। অভিযোগ রয়েছে, ওই আইনজীবীর পরামর্শে এবং বড় অঙ্কের অর্থের বিনিময়ে হ্যাকিংয়ে অভিযুক্ত এনামুল হককে নাবালক বা শিশু প্রমাণের জন্য একটি জাল জন্মসনদ তৈরি করা হয়।
অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে জেলা বারের আইনজীবী শেফাউল ইসলাম রিপন তিনটি মামলায় ওই প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করান।
এ ঘটনায় আদালতের নথিতে কাটাকাটি এবং নথি গায়েবের অভিযোগও ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনজীবী, মুহুরি ও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
ঘটনার বিষয়ে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম