যোগফল প্রতিবেদক:
স্পাইডারম্যান’ খ্যাত হলিউড অভিনেতা জ্যাকব ব্যাটালোন বিয়ে করেছেন ইন্টেরিয়র ডিজাইনার ভেরোনিকা লিহোভকে। বিয়েকে ঘিরে ফ্রান্সে তিন দিনব্যাপী জমকালো আয়োজন করেন এই দম্পতি।
‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদনের বরাতে জানা গেছে, এর আগে ঘরোয়া পরিসরে একটি কোর্টহাউস অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন জ্যাকব ও ভেরোনিকা। এরপর গত ২৫ থেকে ২৭ আগস্ট ফ্রান্সে আয়োজন করা হয় তিন দিনব্যাপী বিবাহোত্তর উৎসব।
পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা এতে যোগ দেওয়ায় পুরো আয়োজন আরও বিশেষ হয়ে ওঠে।
গত ২৬ আগস্ট পিটার মডানের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বিয়ের শপথ নেন নবদম্পতি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘স্পাইডারম্যান’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড ও জেনডায়া।
বিয়ের অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেন জ্যাকব ও ভেরোনিকা। এরপর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসান।
উল্লেখ্য, ভেরোনিকা নিউইয়র্কভিত্তিক একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি বিলাসবহুল হোম ব্র্যান্ড ‘ভেরহ’-এর প্রতিষ্ঠাতা। ২০২৫ সালের মার্চে জ্যাকব ও ভেরোনিকা তাদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম