যোগফল প্রতিবেদক:
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করে জানিয়েছে দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের পোস্টে বলা হয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কোনো কাজও এ ভিসার আওতায় করা যাবে না। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করাও বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।
দূতাবাস আরও জানিয়েছে, পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ধরনের ভিসার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ভিসার ধরন ও শর্ত সম্পর্কে সচেতন হয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস।
ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে কাজ করলে, পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে তাদের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পড়াশোনার ক্ষেত্রে ভিসার শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম