যোগফল প্রতিবেদক:
বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা আমির খান ও অক্ষয় খান্না দীর্ঘদিনের বন্ধু। ২৫ বছর আগে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন তারা। আর এই সিনেমার শুটিংয়ের সময়ই অক্ষয় খান্নাকে আমির খানকে গুনে গুনে ১৭ বার চড় মারতে হয়েছিল। তবে বিষয়টি ছিল সিনেমার একটি দৃশ্যের অংশ। সম্প্রতি সেই ঘটনার পেছনের কারণ জানিয়েছেন পরিচালক ফারহান আখতার।
সিনেমাটির রজতজয়ন্তী উপলক্ষে সম্প্রতি একত্রিত হয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’-এর নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। সেখানে সিনেমাটির শুটিংয়ের নানা স্মৃতি তুলে ধরেন পরিচালক ফারহান আখতার।
ফারহান জানান, একটি দৃশ্যে অক্ষয় খান্নাকে আমির খানকে চড় মারতে হয়েছিল। তিনি আমিরকে আগেই জানিয়েছিলেন, অক্ষয় সত্যিকারের চড় মারবেন। এতে সম্মতি দিয়েছিলেন আমিরও।
পরিচালকের পরিকল্পনা ছিল, সংলাপ শেষ হওয়ার পর নয়, বরং সংলাপ চলার সময়ই অক্ষয় যেন আমিরকে চড় মারেন। এতে আমিরের স্বাভাবিক বিস্ময়ের প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়বে বলে মনে করেছিলেন ফারহান।
শুটিংয়ের সময় প্রথম চড়েই বেশ চমকে যান আমির। চড়টি জোরে লাগায় তার মুখও কিছুটা ফুলে যায়। এরপরও তিনি আরও কয়েকটি চড় মারার জন্য অক্ষয়কে বলেন। এভাবে দৃশ্যটি ধারণ করতে গিয়ে মোট ১৭ বার চড় মারা হয়।
ফারহান আখতারের ভাষ্য অনুযায়ী, পরপর এতগুলো চড়ের কারণে আমিরের মুখের এক পাশ লাল হয়ে দাগ পড়ে গিয়েছিল। সিনেমার সেই দৃশ্যের স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে।
‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় শুধু আমিরই নয়, আরেকটি দৃশ্যে চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকেও। ওই দৃশ্যে অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাইকে সাইফকে চড় মারতে হয়েছিল।
প্রথমে এ দৃশ্য করতে কিছুটা ইতস্তত বোধ করেছিলেন সুচিত্রা। পরে পরিচালকের নির্দেশে সাইফ আলি খানকে তিনবার চড় মারেন তিনি।
২৫ বছর পর সিনেমাটির রজতজয়ন্তীতে এসে শুটিংয়ের সেই মজার ও কঠিন অভিজ্ঞতার কথা আবারও সামনে আনলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম