যোগফল প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে সরকারি সার পাচারের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তাঁদের কাছ থেকে ৩৮ বস্তা সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—তানভীর, উজ্জ্বল সাহা ও সাহেব কুন্ডু।
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, সরকারি সার অবৈধভাবে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দশপাখিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৩ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৩৮ বস্তা সার।
পরে ইউএনও ভূপালী সরকারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী আটক তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে জব্দ করা ৩৮ বস্তা সার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কৃষকদের সার সংকট থেকে মুক্ত রাখতে এবং সার কালোবাজারি ও অবৈধ পাচার রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম