যোগফল প্রতিবেদক:
ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে আলোর প্রতিফলনে পুরো এলাকা ঝিকমিক করছিল। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউয়ে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী মানসি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এর আগে তিনি কখনো এমন পরিস্থিতি দেখেননি। বিমানবন্দরের বিভিন্ন এলাকায় প্রচুর পানি জমে যাওয়ায় প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়েছে তাকে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজ ট্রলি ঠেলে বিমানবন্দরের প্রবেশপথের দিকে যাচ্ছেন।
অন্য এক যাত্রী জানান, প্রায় দুই বছর আগেও বিমানবন্দরে একই ধরনের জলাবদ্ধতা দেখেছিলেন তিনি। তবে এবার বৃষ্টির পরিমাণ আরও বেশি বলে মনে হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে একই দিনে বিভিন্ন স্থানে পূজা ও ধর্মীয় আয়োজন থাকায় বিমানবন্দরে যাত্রীদের ভিড়ও ছিল। ফলে জলাবদ্ধতার কারণে ভোগান্তি আরও বেড়ে যায়।
আরেক যাত্রী হিমানশি বলেন, বিমানবন্দরে বেশ পানি জমেছিল এবং প্রায় আধা ঘণ্টা ধরে তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। পানি কমার অপেক্ষায় থাকতে হয়েছে তাদের।
এদিকে, ভারী বৃষ্টির পর দিল্লির বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এতে নগরীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনজীবনেও ভোগান্তি দেখা দিয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম