যোগফল প্রতিবেদক:
খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খালিদ হাসান সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদের বিয়ে হয়। ঘটনার রাতে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই ছিলেন।
পুলিশ জানায়, রাতে খালিদের স্ত্রী সানজিদা খাতুন বাইরে থেকে ঘরে প্রবেশ করতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে খালিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খালিদকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে খালিদ হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম