যোগফল প্রতিবেদক:
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় নোয়াখালীর হাতিয়ায় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম