যোগফল প্রতিবেদক:
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে তার। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।
তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’
তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।
শাবনূরের এমন পোস্টের পর তাসকিনের সঙ্গে তার সাক্ষাৎ ও পারিবারিক আড্ডার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাদের আনন্দঘন সময় কাটানোর মুহূর্ত ফুটে উঠেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম