যোগফল প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ এবং তাঁর নাতি-নাতনি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আবু সিদ্দিক (৭০), তাঁর নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়দের ধারণা, দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। দীর্ঘ সময় পরও তিনি পানি থেকে উঠে না আসায় পিয়াস ও পপি তাঁকে খুঁজতে পানিতে নামে। পরে তারাও পানিতে ডুবে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, পানিতে নামার পর আবু সিদ্দিক স্ট্রোক করে অচেতন হয়ে যেতে পারেন। এ কারণে তিনি আর পানির ওপরে উঠতে পারেননি। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে দুই শিশুও পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তাঁর ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তাঁর মেয়ে সুমি আক্তারের সন্তান।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম