যোগফল প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধসহ তিনজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ওই বাড়িতে অবস্থান করে ইয়াবা বাংলাদেশে আনা এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ওষুধ মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক ও কথিত বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও ওষুধ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম