যোগফল প্রতিবেদক:
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নেবেন। একই রাতে রাত ১টার দিকে তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রথমে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ সময় রাত ৯টায় সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ গ্রহণের কথা রয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরামের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম