যোগফল প্রতিবেদক:
মার্কসবাদী-লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বাঙলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় বদরুদ্দীন উমরের জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ।
আলোচনায় অংশ নেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাঙলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান এবং প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।
সভায় বক্তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড এ দেশের মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত।
বক্তারা আরও বলেন, বদরুদ্দীন উমরের জীবন থেকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা নেওয়া যায়। তাঁর দেখানো পথে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষ শান্তি ও স্বস্তির ঠিকানা খুঁজে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম