যোগফল প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন—যাওয়াত, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন এবং গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে যান।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম