যোগফল প্রতিবেদক:
কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার প্রেম, সম্পর্ক ও দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। একাধিকবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময় ও মানসিক অবস্থার কথা জানিয়েছেন শ্রাবন্তী। তিনি জানান, প্রেম ও সম্পর্কে বারবার আঘাত পাওয়ার কারণে একসময় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও তার মাথায় এসেছিল।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, অনেকবার তার মনে হয়েছে সবকিছু শেষ করে দিতে। তবে পরক্ষণেই নিজেকেই প্রশ্ন করেছেন—একটি ভুল সিদ্ধান্ত কিংবা ভুল মানুষের কারণে কেন তিনি নিজের জীবন শেষ করবেন?
২০০৩ সালে অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২০১৬ সালে। এই সংসারে তাদের একটি ছেলে রয়েছে, যার নাম অভিমন্যু। তাকে আদর করে ঝিনুক নামে ডাকা হয়। বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে বসবাস করছেন অভিনেত্রী।
প্রথম বিয়ের বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী এবং তাকে বিয়ে করেন। তবে সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় এক বছরের মধ্যেই তাদের সম্পর্কের ইতি ঘটে।
এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। শুরুতে বিষয়টি অনেকটাই ব্যক্তিগত রেখেছিলেন তারা। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তারা আলাদাভাবে থাকতে শুরু করেন। পরবর্তীতে বিষয়টি আইনি লড়াইয়ে গড়ায়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিল মাসে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
নিজের অতীতের অভিজ্ঞতা তুলে ধরে শ্রাবন্তীর বক্তব্যে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন, মানসিক বিপর্যয় এবং কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর বিষয়টি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম