যোগফল প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে একটি তালাবদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে উথলী বাজারপাড়ার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে। তিনি দিনমজুরিসহ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ দেখা দেয়। মরদেহের দুর্গন্ধ হতে পারে—এমন ধারণা থেকে রাত সাড়ে ১১টার দিকে এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি তালাবদ্ধ ঘরের ভেতর রবিউলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে ঘর খুলে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, রবিউল দীর্ঘদিন ধরে ওই এলাকায় একাই বসবাস করছিলেন। সম্প্রতি তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে। স্ত্রী, সন্তান ও মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি একা থাকতেন। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘরের দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ তা উদ্ধার করে। মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম